ঢাকাতেও লোডশেডিংয়ের সিদ্ধান্ত

ঢাকাতেও লোডশেডিংয়ের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং গ্রাম-শহরের মধ্যকার বৈষম্য দূর করতে এবার রাজধানীতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, "পর্যাপ্ত জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর পরামর্শ ও বিরোধীদলীয় নেতার সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, শুধু গ্রামের মানুষ কষ্টে থাকবে আর শহরের মানুষ আরামে থাকবে—এমনটা হতে দেওয়া হবে না।" এই বৈষম্য কমাতে প্রাথমিকভাবে ঢাকা শহরে ১১০ মেগাওয়াট লোডশেডিং পরীক্ষামূলকভাবে শুরু করা হবে।

বর্তমানে ধান কাটার মৌসুম চলায় কৃষকদের সেচ কাজের সুবিধার্থে প্রধানমন্ত্রী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ডিজেল সরবরাহের বিশেষ নির্দেশনা দিয়েছেন। কৃষিখাতকে অগ্রাধিকার দিতেই শহরের বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমিয়ে গ্রামে বণ্টনের এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।

সংসদে দেওয়া বিবৃতিতে জানানো হয়, দেশে প্রতিদিন ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা যাচ্ছে মাত্র ২ হাজার ৬৩৬ মিলিয়ন ঘনফুট। এই বিশাল ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত অর্থ থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় দ্রুত গ্যাস আমদানি বাড়ানো সম্ভব হচ্ছে না। তবে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার তালিকায় এই অবকাঠামো উন্নয়নের কাজ দৃশ্যমান হবে বলে তিনি আশ্বস্ত করেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বর্তমান সংকটের জন্য বিগত সরকারের দীর্ঘমেয়াদী অব্যবস্থাপনাকে দায়ী করে বলেন, কাগজে-কলমে উৎপাদন ক্ষমতা অনেক বেশি দেখানো হলেও বাস্তবে সেটির বড় ধরনের গরমিল রয়েছে। বর্তমান সরকার স্বচ্ছতা বজায় রেখে এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন