সম্মিলিত প্রচেষ্টায় হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

সম্মিলিত প্রচেষ্টায় হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সম্মিলিত প্রচেষ্টায় হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সবার প্রচেষ্টায় আমরা হাম মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে সক্ষম হচ্ছি। অনেক ডাক্তারের সঙ্গে আলাপ হয়েছে এবং একটি চীনা টিমের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী নিজের শৈশবের স্মৃতি চারণ করে বলেন, আমারও ছোটবেলায় হাম হয়েছিল। তখনকার মায়েদের মধ্যে একটি ধারণা ছিল যে, জন্মের পরে একবার হাম ও জলবসন্ত হবেই।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশের সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি ‘মায়ের শালদুধের বিকল্প নেই’—এমন প্রচারণা বৃদ্ধি করার আহ্বান জানান। তিনি বলেন, এখনকার মায়েরা ব্রেস্টফিডিংয়ে অভ্যস্ত নন, যা দিন দিন কমে আসছে। একদিকে সিজারিয়ান অপারেশনে শিশুর জন্ম হওয়া, তার শারীরিক গঠন অত্যন্ত দুর্বল এবং মারাত্মক হুমকির মুখে নিয়ে যায়। একটি বাচ্চা যতক্ষণ না নির্ধারিত সময়ে ভূমিষ্ঠ হচ্ছে, ততক্ষণ সে মায়ের কাছ থেকে পুষ্টি নিতেই থাকে।

পুষ্টিকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী অনুরোধ জানিয়ে বলেন, আপনারা যারা ঘরে ঘরে যান, তারা মায়েদের উদ্বুদ্ধ করবেন যেন বাচ্চাদের বুকের দুধ পান করান।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন