সকালবেলায় সংবাদ প্রকাশের পর কোরবান আলীর পাশে চার বন্ধু

সকালবেলায় সংবাদ প্রকাশের পর কোরবান আলীর পাশে চার বন্ধু

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: দৈনিক সকালবেলা অনলাইনে সংবাদ প্রকাশের পর জয়পুরহাটের পাঁচবিবির অসুস্থ চা-বিক্রেতা কোরবান আলীর পাশে দাঁড়িয়েছেন এসএসসি ১৯৯১ ব্যাচের চার বন্ধু। 

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কোরবানের উন্নত চিকিৎসার জন্য তার বাবার হাতে আর্থিক সহায়তা তুলে দেন তারা।

পাঁচবিবি স্টেশনের পূর্ব পাশে বর্গাহাটী এলাকায় চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন কোরবান আলী। গত ছয় মাস আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। একদিকে আয়ের একমাত্র উৎস বন্ধ, অন্যদিকে চিকিৎসার খরচ—সব মিলিয়ে ভূমিহীন এই পরিবারটি চরম সংকটে পড়ে। মাথার গোঁজার ঠাঁই না থাকায় অসুস্থ কোরবানকে নিয়ে তার বৃদ্ধ বাবা আবুল কালাম পাঁচবিবি পৌর প্রেসক্লাবের বারান্দায় আশ্রয় নেন।

গত ২০ এপ্রিল দৈনিক সকালবেলায় কোরবান আলীর অসহায়ত্ব নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে পাঁচবিবি এলবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের চার বন্ধু—মনিরুজ্জামান চৌধুরী সুজন, মাহফুজ আলম, মোস্তাফিজুর রহমান পল্লব ও মোস্তাফিজুর রহমান ফিরোজের। এরপরই তারা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।

আর্থিক সহায়তা গ্রহণকালে কোরবানের বাবা আবুল কালাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "ডাক্তার বলেছেন ৫-৬ লাখ টাকা হলে উন্নত চিকিৎসার মাধ্যমে আমার ছেলে সুস্থ হয়ে ফিরবে। ভূমিহীন অবস্থায় আমি কোথায় এই টাকা পাব? সকালবেলায় খবর প্রকাশের পর আজ এই সহায়তা পেলাম। দেশবাসী সবাই এগিয়ে এলে হয়তো আমার ছেলেটা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।"

এসএসসি ১৯৯১ ব্যাচের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান পল্লব এবং পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কোরবান আলীর চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সহায়তা পাঠানোর ঠিকানা: অসুস্থ কোরবানের চিকিৎসা ও আর্থিক সহায়তার জন্য যোগাযোগ করুন তার বাবার এই নম্বরে (বিকাশ/নগদ): ০১৯৪৩৯৪২৩৩৯

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন