ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে পুষ্টিগুণে ভরপুর সজনা চাষে উদ্বুদ্ধ করতে ও এর বিস্তার ঘটাতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সজনা গাছ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি সজনা চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন দিনাজপুরের জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ শাহ আলম মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান।
অনুষ্ঠানে সজনার ওষধি গুণাগুণ এবং অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, সজনা একটি অত্যন্ত লাভজনক এবং পুষ্টিকর সবজি। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন রয়েছে, যা সাধারণ রোগ প্রতিরোধে জাদুকরী ভূমিকা রাখে। যেকোনো ধরনের মাটিতে সামান্য যত্নেই এই গাছ বেড়ে ওঠে বলে এটি চাষ করা অত্যন্ত সহজ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বাণিজ্যিক ভিত্তিতে সজনা চাষ করে স্থানীয় কৃষকরা তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে পারেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কৃষকদের মাঝে সজনা চাষের আগ্রহ তৈরিতে কৃষি অফিসের পক্ষ থেকে এই প্রচার ও চারা রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ