কিশোরগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান শেলী

কিশোরগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান শেলী

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির গুলশান বিভাগের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান শেলী। তিনি বর্তমান এসপি ড. এস এম ফরহাদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। 

বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

মোহাম্মদ মিজানুর রহমান শেলী বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি র‍্যাব, এপিবিএন এবং পিবিআইতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। ডিএমপিতে কর্মরত অবস্থায় ট্রাফিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি একাধিকবার ‘শ্রেষ্ঠ ডিসি’র পুরস্কার অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি জাতিসংঘ শান্তি মিশনে অপারেশন কমান্ডার হিসেবে সুদানের দারফুরে দায়িত্ব পালন করেছেন। বিশ্বশান্তি রক্ষায় তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘জাতিসংঘ শান্তি পদক’-এ ভূষিত হয়েছেন।

পুলিশিংয়ের পাশাপাশি ‘রহমান শেলী’ নামে সাহিত্য অঙ্গনে তার ব্যাপক পরিচিতি রয়েছে। ২০০২ সালে তার প্রথম উপন্যাস ‘অবন্তীর নীল শাড়ী’ প্রকাশের পর তিনি তুমুল জনপ্রিয়তা পান। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৩১টি। এর মধ্যে ক্রাইম ফিকশন, সায়েন্স ফিকশন, গোয়েন্দা কাহিনী এবং শিশুতোষ সাহিত্য অন্যতম। সাহিত্যে অবদানের জন্য তিনি প্রথম আলো বন্ধুসভা শ্রেষ্ঠ লেখক পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন।

কিশোরগঞ্জের নবাগত এসপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন ঘটবে এবং তার সৃজনশীল নেতৃত্বে পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন