ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামসুজ্জামান সুমন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে। এখন থেকে উপজেলায় কার্ড ছাড়া কোনো যানবাহনে জ্বালানি তেল মিলবে না। তেল সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অবৈধ মজুদ রোধে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্ড বিতরণের উদ্বোধন করেন। প্রথম দিনে যাচাই-বাছাই শেষে ২৮০ জন আবেদনকারীর মাঝে এই ফুয়েল কার্ড তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং চাকরিজীবীদের জন্য পল্লী উন্নয়ন অফিস থেকে এই কার্ড বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, আবেদনকারীদের চাহিদা ও পেশার ওপর ভিত্তি করে প্রতিটি কার্ডে তেলের নির্দিষ্ট বরাদ্দ উল্লেখ করা হয়েছে। ফুয়েল কার্ড যাচাই ও বিতরণের জন্য একটি বিশেষ কমিটি কাজ করছে। ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে এবং তেল সরবরাহ তদারকি করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, "ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট বা মজুদ রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে কার্ড ছাড়া কোনো তেল সরবরাহ করা হবে না এবং এই কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে।"
কার্ড বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান এবং সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর রহমান প্রমুখ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ