ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কৃত ১১ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ শর্তসাপেক্ষে প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২২ এপ্রিল) প্রশাসনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার হলে মোবাইল ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা 'চ্যাটজিপিটি' ব্যবহারের মাধ্যমে নকলের প্রমাণ পাওয়ায় গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভায় এই শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সময় ১১ জন শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া আরও দুই শিক্ষার্থীর ইন্টার্নশিপ ও নির্দিষ্ট কোর্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
পরবর্তীতে বহিষ্কৃত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে গত বুধবার তাদের বহিষ্কারাদেশ শর্তসাপেক্ষে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়। রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর জানিয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীরা আপাতত চলমান সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট করেছে যে, এই সুযোগটি চূড়ান্ত নয়। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত এবং পরবর্তী সিন্ডিকেট সভায় অনুমোদন মিললে তবেই তাদের অংশ নেওয়া পরীক্ষাগুলো বৈধ হিসেবে গণ্য হবে। সিন্ডিকেটের অনুমোদন না মিললে তাদের দেওয়া পরীক্ষাগুলো বাতিল বলে বিবেচিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে। তবে এটি চূড়ান্ত নয়, সিন্ডিকেট সভার অনুমোদনের ওপরই তাদের পরীক্ষার বৈধতা নির্ভর করবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, একাডেমিক শৃঙ্খলা রক্ষা এবং পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ভবিষ্যতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ