সৈয়দপুরে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

সৈয়দপুরে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

মোঃ মাইনুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে উত্তরা আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামীম আরশাদকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একটি পক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন লিজ নেওয়ার জন্য স্থানীয় দুটি পক্ষ উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করে। বুধবার (২২ এপ্রিল) সকালে একটি পক্ষ তাদের আবেদনের রিসিভ কপিকে চূড়ান্ত অনুমোদনপত্র দাবি করে জোরপূর্বক প্রধান শিক্ষকের কাছ থেকে ভবনের চাবি নেওয়ার চেষ্টা চালায়। এ সময় তারা ভবনটি দখলের পায়তারা করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামীম আরশাদ জানান, একদল লোক হঠাৎ তার অফিসে প্রবেশ করে এবং আবেদনের রিসিভ কপি দেখিয়ে ভবনটি তাদের বুঝিয়ে দিতে চাপ সৃষ্টি করে। তিনি আইনি প্রক্রিয়া অনুযায়ী ভবন বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানালে তারা তার সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে অফিসে অবরুদ্ধ করে রাখে। এ সময় প্রায় দুই ঘণ্টা বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকে।

খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির নেতাকর্মীদের সহায়তায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। তিনি জানান, ভবন লিজের বিষয়ে কোনো চূড়ান্ত অনুমোদন না থাকা সত্ত্বেও একটি পক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন