নড়াইলে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি

নড়াইলে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি: নড়াইলে ত্রুটিপূর্ণ কাজের বিল দিতে রাজি না হওয়ায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই ঠিকাদারের বিরুদ্ধে নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, ‘নির্বাচিত সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন’ প্রকল্পের আওতায় নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনের কাজ চলছে। গত মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মেসার্স মিরণ এন্টারপ্রাইজের প্রতিনিধি এম এম কামরুল আলম ওই ভবনের ত্রুটিপূর্ণ সিরামিক ব্রিকসের গাঁথুনি ও দরজার ফ্রেমের বিল প্রদানের জন্য প্রকৌশলী জাহিদুল ইসলামকে চাপ দেন। প্রকৌশলী ত্রুটিপূর্ণ কাজের বিল করতে অস্বীকৃতি জানালে কামরুল আলম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে তার বড় ভাই এম এম রেজাউল আলমও ফোনে একই কাজের জন্য হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, "ত্রুটিপূর্ণ কাজের বিল করতে না চাওয়ায় তারা আমাকে হুমকি দিয়েছেন। এমনকি এর আগেও তাদের ভাগ্নে আমার বাসায় গিয়ে আমার গায়ে হাত তুলে লাঞ্ছিত করেছে। আমি এখন জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় আছি।"

অভিযুক্ত ঠিকাদার এম এম কামরুল আলম ও রেজাউল আলম হুমকির বিষয়টি অস্বীকার করেছেন। তাদের দাবি, কাজ করতে গেলে অফিসের সাথে কিছুটা মনোমালিন্য হতে পারে, তবে কোনো প্রাণনাশের হুমকি দেওয়া হয়নি। তারা পাওনা বিল চেয়েছেন মাত্র।

নড়াইল সদর থানার এস আই (তদন্ত কর্মকর্তা) সাগর শিকদার জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা দুই পক্ষকে নিয়ে বসার চেষ্টা করছি। সমাধান না হলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন