রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান

 রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) নিজ জেলা বগুড়ায় দেশের প্রথম ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থাপনা ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বগুড়া সফর।

উদ্বোধনী বক্তব্যে তারেক রহমান বলেন, "আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তা এখন সময়ের দাবি।" তিনি আরও উল্লেখ করেন যে, ন্যায়বিচার আধুনিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম উপাদান এবং এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, জিয়াউর রহমানই বিচার বিভাগের স্বাধীনতার দ্বার উন্মোচন করেছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তাঁকে স্বাগত জানান। সফরকালে প্রধানমন্ত্রী জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করেন এবং আদালতের কনফারেন্স রুমে বসে ডিজিটাল বিচার ব্যবস্থার নতুন দিগন্ত ‘ই-বেইল বন্ড’ সেবার সূচনা করেন। সরকারপ্রধানের এই সফরকে কেন্দ্র করে পুরো বগুড়া জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন