ফরমের টাকা আত্মসাৎ: শিক্ষার্থীদের পরীক্ষা অনিশ্চিত

ফরমের টাকা আত্মসাৎ: শিক্ষার্থীদের পরীক্ষা অনিশ্চিত

নাজমুল হাসান, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরু হতে চললেও প্রবেশপত্র না পাওয়ায় এসব শিক্ষার্থীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। 

এর প্রতিবাদে সোমবার (২০ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকগণ।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, তারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল মোড়ল ও অফিস সহায়ক নুর আলম তাদের কৃতকার্য দেখিয়ে ফরম পূরণের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই সুযোগে প্রত্যেকের কাছ থেকে নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি, অর্থাৎ প্রায় ১৫ হাজার টাকা করে হাতিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী সেতু, আবৃত্তি, আনিয়া ও স্বর্ণাসহ অন্যরা কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিলেও এখন জানানো হচ্ছে আমাদের এডমিট কার্ড আসেনি। শিক্ষকদের ওপর ভরসা করে আমাদের ভবিষ্যৎ এখন অন্ধকারে। আমরা এই প্রতারণার বিচার চাই।”

অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক সোহেল মোড়ল ও অফিস সহকারী নূরে আলম দায় স্বীকার করে বলেন, “বিষয়টি ভুল হয়েছে”, এবং তারা টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান খান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব জানান, অভিযুক্তদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল ইসলামও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন