ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের (ডিসি) বদলি সংক্রান্ত একটি বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।
সোমবার (১৩ এপ্রিল) রাতে কুষ্টিয়া সদর উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলামের পক্ষে আইনজীবী মো. আব্দুল মজিদ এই নোটিশ পাঠান।
গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার খুতবার আগে একটি বক্তব্য প্রদান করেন মুফতি আমির হামজা। সেখানে তিনি দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক এই জেলায় বদলি হয়ে আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা লেনদেন করেছেন। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।
প্রেরিত লিগ্যাল নোটিশে বলা হয়েছে, সংসদ সদস্যের এমন দাবি জনমনে বিভ্রান্তি তৈরি করেছে এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এই বিপুল অংকের অর্থ লেনদেনের সপক্ষে অকাট্য প্রমাণ দিতে বলা হয়েছে। অন্যথায়, দুর্নীতির নেপথ্যে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম জনসমক্ষে প্রকাশ করতে হবে। ব্যর্থতায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, স্বচ্ছতার স্বার্থেই এই নোটিশ পাঠানো হয়েছে। যেহেতু তিনি কোটি টাকার অভিযোগ তুলেছেন, তাই তথ্য-প্রমাণসহ প্রকৃত সত্য উন্মোচন করা তাঁর নৈতিক দায়িত্ব।
আইনি নোটিশের বিষয়ে প্রতিক্রিয়া জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ২ এপ্রিল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংশ্লিষ্ট অন্য একটি বিষয়ে দুর্নীতির অভিযোগ করায় তাঁকে আরও একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন এক ছাত্রদল নেতা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ