মো. দুলাল সরকার, গজারিয়া: মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ভাড়া বাসা থেকে জানালার গ্রিলের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় মীম আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পাঁচ তলা ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মীম আক্তার গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের মুক্তার হোসেনের মেয়ে। তাঁর স্বামী কিবরিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ মাস ধরে স্বামী কিবরিয়ার সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন মীম। সোমবার রাতে কিবরিয়া কর্মস্থলে চলে গেলে মীম বাসায় একাই ছিলেন। মঙ্গলবার ভোরে মীমের মা মেয়ের বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘরে ঢুকে জানালার গ্রিলের সঙ্গে মীমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী কিবরিয়া জানান, তিনি পেশায় একজন জাহাজ শ্রমিক। ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রেমের টানে দুই পরিবারের অমতে তাঁরা বিয়ে করেছিলেন। তিনি বলেন, 'আমার স্ত্রী একা থাকতে ভয় পেত এবং গত কয়েক মাস ধরে প্রচণ্ড মাথাব্যথায় ভুগছিল। অনেক চিকিৎসা করালেও অবস্থার উন্নতি হয়নি। গতকাল রাতে কাজে যাওয়ার সময় শাশুড়িকে বাসায় আসতে বলেছিলাম।'
নিহতের মা জানান, রাত বেশি হওয়ায় সোমবার তিনি আর মেয়ের বাসায় যেতে পারেননি। মঙ্গলবার ভোরে এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় ভেতরে ঢুকে মীমকে মৃত অবস্থায় দেখতে পান।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এন.এ/সকালবেলা