ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশপথে পুনরায় ডানা মেলতে চায় পাকিস্তান। দুই দেশের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা-লাহোর সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে ইসলামাবাদ।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার। বৈঠকের পর মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিশেষ করে ঢাকা-লাহোর রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত ইমরান হায়দার।
পর্যটন শিল্পের উন্নয়নে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়েও পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে।
দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গতিশীল, সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই সরাসরি আকাশপথ চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ