সরিষাবাড়ীতে বিয়ে নিয়ে বিরোধে সংঘর্ষ: ২ জনের মৃত্যু

সরিষাবাড়ীতে বিয়ে নিয়ে বিরোধে সংঘর্ষ: ২ জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ডোলভিটি পূর্বপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে সোহেল রানা (৩৫) এবং একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে মঞ্জু মিয়া (৪০)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোলভিটি গ্রামের লিটন মিয়ার মেয়ে শিলা আক্তারের সঙ্গে মাসখানেক আগে চাপারকোনা গ্রামের রনি মিয়ার বিয়ে ঠিক হয় এবং এক লক্ষ টাকা কাবিন করা হয়। কাবিনের পর থেকেই দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার রাতে বর রনি মিয়া তাঁর সহযোগীদের নিয়ে স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে আসেন। কিন্তু মেয়ের বাবা লিটন মিয়া মেয়ে পাঠাতে অনীহা প্রকাশ করলে দুই পক্ষের মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের খবর পেয়ে প্রতিবেশী সোহেল রানা ঝগড়া থামাতে এগিয়ে আসেন। এ সময় লিটন মিয়ার পক্ষের লোকজনের লাঠির আঘাতে সোহেল রানা পাশের ধানক্ষেতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে, প্রতিবেশী সোহেল রানার আকস্মিক মৃত্যুর দৃশ্য দেখে এবং উত্তেজনায় স্ট্রোক করেন অপর যুবক মঞ্জু মিয়া। দ্রুত তাঁকে উদ্ধার করা হলেও তিনি প্রাণ হারান।

ঘটনার পর থেকে অভিযুক্ত লিটন মিয়ার পরিবারের সদস্যরা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে পুলিশ সোহেল রানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন