ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগ: আসামি গ্রেফতারে মানববন্ধন

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগ: আসামি গ্রেফতারে মানববন্ধন

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলার অষ্টধার ইউনিয়নে ৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হান্নান সরকারকে (৬০) দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। 

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে কাউনিয়া গ্রামে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবার, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ কয়েকশ’ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীরা ‘ধর্ষকের ফাঁসি চাই’ স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে কাউনিয়া গ্রামের ইছহাক সরকারের ছেলে হান্নান সরকার গ্যান্ডারি (আখ) দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ওই শিশুটিকে বাড়ির পাশের একটি ভুট্টা খেতে নিয়ে যায়। সেখানে তাকে পাশবিক নির্যাতন করা হয়। অভিযুক্ত হান্নান সরকার সম্পর্কে শিশুটির দাদা হন এবং তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। ঘটনার পর ভুক্তভোগীর বাবা ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করলেও আজ ১২ দিন পার হয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেফতার করতে পারেনি।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান ইকবাল ক্ষোভ প্রকাশ করে বলেন, "সমাজে আজ শিশুরা নিজের দাদার কাছেও নিরাপদ নয়। হান্নানের একমাত্র শাস্তি ফাঁসি। প্রশাসন যদি তাকে গ্রেফতারে গড়িমসি করে, তবে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।"

আরেক বিক্ষোভকারী রুবেল হুসাইন বলেন, "ঘটনার ১২ দিন পরও পুলিশ কেন নীরব, তা আমাদের বোধগম্য নয়। আমরা দ্রুত দৃশ্যমান পদক্ষেপ চাই।"

শিশুর বাবা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, মামলার পর থেকে একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দিতে তাঁকে ও তাঁর পরিবারকে অনবরত হুমকি দিয়ে যাচ্ছে। তিনি তাঁর অবুঝ সন্তানের ওপর হওয়া এই পৈশাচিক নির্যাতনের সঠিক বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ মিছিলটি কাউনিয়া রেলগেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অষ্টধার বাজারে গিয়ে শেষ হয়। এলাকাবাসীর দাবি, অবিলম্বে অভিযুক্ত হান্নান সরকারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নতুবা আন্দোলন আরও তীব্রতর হবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন