কুবি শিক্ষার্থীর ওপর শ্রমিকদল নেতার হামলার অভিযোগ

কুবি শিক্ষার্থীর ওপর শ্রমিকদল নেতার হামলার অভিযোগ

কুবি প্রতিনিধি: বাড়ির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও শ্রমিকদল নেতাদের বিরুদ্ধে। 

সোমবার (২৩ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার দেবগ্রাম এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্তরা হলেন: ১. মহসিন মিয়া (২৮): বিএনপি নেতা ও আখাউড়া পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী। ২. শফিক মিয়া (৫০): আখাউড়া পৌর শ্রমিকদলের সাবেক সভাপতি। ৩. বাহার মিয়া (৪৫): স্থানীয় বিএনপি নেতা।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. ফয়সাল মিয়া। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ‘স্বদেশ প্রতিদিন’ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে কর্মরত। জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফয়সাল ও তাঁর মা মোছাঃ সাজেদা বেগম (৫৫) বাড়ির পাশের রাস্তার ধারে বাঁশের বেড়া দিচ্ছিলেন। এ সময় অভিযুক্তরা দলবল নিয়ে এসে কাজে বাধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে তাঁরা বাড়িতে হামলা চালান। হামলাকারীরা বসতঘরের টিনের চাল, বেড়া, দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং সাজেদা বেগম ও তাঁর ছেলেকে এলোপাতাড়ি মারধর করে। এতে ফয়সালের মাথা ও পিঠে এবং তাঁর মায়ের হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে।

আক্রান্ত শিক্ষার্থী ফয়সাল মিয়া বলেন, “আমি কোনো অন্যায় করিনি। ঈদে বাড়ি আসছিলাম পরিবারের সাথে সময় কাটাতে। স্থানীয় রাজনৈতিক নেতারা আমাকে টেনে-হিঁচড়ে রাস্তায় নিয়ে কিল-ঘুষি মারতে শুরু করে। আমার মা বাঁচাতে এলে তাঁর চুল ধরে টেনে মাটিতে ফেলে দেয়। আমি এই অত্যাচারী জুলুমবাজদের বিচার চাই।”

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার ও সংবাদকর্মী মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন