ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক, ঢাকা: মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অভিষেক ম্যাচেই জোড়া গোল করে জয়ের নায়ক হন বাংলাদেশ দলের যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। তার অনবদ্য নৈপুণ্যে কোচ মার্ক কক্সের দল প্রতিযোগিতার সেমিফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেল। বয়সভিত্তিক এই আসরে বাংলাদেশ এর আগে ২০২৪ সালে একবার শিরোপা জিতেছিল।
ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়ে পাকিস্তানের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধে একাধিক আক্রমণ গড়েও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি কক্সের শিষ্যরা, ফলে বিরতিতে যেতে হয় গোলশূন্য সমতায়। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়িয়ে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। খেলার ৫৪তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে রোনান সুলিভানের নেওয়া দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দেন। এর কিছুক্ষণ পর, ৬৭তম মিনিটে সতীর্থ শেখ সংগ্রামের নিখুঁত লং পাস থেকে দারুণ এক হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন এই প্রবাসী ফরোয়ার্ড, যা দলের ব্যবধান দ্বিগুণ করে।
ম্যাচে বাংলাদেশ আরও কয়েকটি সুবর্ণ সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। অন্যদিকে পাকিস্তান একটি গোল পরিশোধ করলেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে রেফারি সেটি বাতিল করে দেন। দ্বিতীয় গোলের পর পুরো ম্যাচেই চাপে পড়ে যায় পাকিস্তান এবং শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার দৌড়ে সুবিধাজনক অবস্থানে চলে গেল দল। আগামী ২৮ মার্চ শক্তিশালী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এবারের টুর্নামেন্টে দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ