ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে। উৎসবের এই দীর্ঘ ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচি নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

সোমবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানায়, আসন্ন ঈদুল ফিতরের দিন মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। তবে ঈদের দিন বাদে ছুটির অন্যান্য দিনগুলোতে নির্ধারিত সূচি অনুযায়ী নিয়মিত চলবে এই আধুনিক গণপরিবহনটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের পরের দিন থেকে যথারীতি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেনগুলো চলাচল করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য তারিখ এবং ১৭ মার্চের পবিত্র শবে কদরের ছুটি মিলিয়ে এবার সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন।

ছুটিকালীন সময়ে রাজধানীর সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে ঈদের দিন বাদে বাকি দিনগুলোতে মেট্রোরেল সেবা চালু রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে যারা ঈদের ছুটিতে ঢাকায় থাকবেন কিংবা ঈদের পরদিন থেকে ঘোরাঘুরি করবেন, তারা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। ডিএমটিসিএল কর্তৃপক্ষ এই বিশেষ সূচি অনুযায়ী যাত্রীদের পরিকল্পনা করার জন্য অনুরোধ জানিয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন