খালেদা জিয়া সাহসের অনুপ্রেরণা: নাতনি জাইমা রহমানের হাতে ‘অদম্য নারী’ সম্মাননা

খালেদা জিয়া সাহসের অনুপ্রেরণা: নাতনি জাইমা রহমানের হাতে ‘অদম্য নারী’ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘সাহস ও অদম্যতার এক অনন্য অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করেছেন ডা. জোবায়দা রহমান। 

রোববার (৮ মার্চ ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শত অত্যাচার ও প্রতিকূলতার মাঝেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে অদম্য ও অবিচল ছিলেন, তা বাংলাদেশের প্রতিটি নারীর জন্য এক অবিস্মরণীয় দৃষ্টান্ত বলে তিনি উল্লেখ করেন।

এবারের নারী দিবসে বেগম খালেদা জিয়াসহ মোট ছয়জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়। প্রয়াত এই নেত্রীর পক্ষে সম্মাননা স্মারক ও পদক গ্রহণ করেন তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানস্থলে জাইমা রহমানের হাতে এই সম্মাননা তুলে দেওয়ার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

ডা. জোবায়দা রহমান তাঁর বক্তব্যে আরও বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি নারী পূর্ণ নিরাপত্তা, সাম্যতা ও ন্যায্যতা পাবেন। এবারের নারী দিবস যেন সেই ন্যায়বিচার প্রতিষ্ঠার এক বলিষ্ঠ অঙ্গীকার হয়ে দাঁড়ায়।

বেগম খালেদা জিয়ার পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য আরও পাঁচজন নারীকে এই পদক প্রদান করা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকুরিক্ষেত্রে মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে নতুন জীবনে জয়ী হওয়ার জন্য মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিনকে এই সম্মাননা দেওয়া হয়। 

আয়োজকদের মতে, রাষ্ট্রীয় পর্যায়ের এই ধরনের স্বীকৃতি দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ আরও বাড়িয়ে তুলবে এবং নতুন প্রজন্মকে স্বাবলম্বী হতে অনুপ্রাণিত করবে।

মন্তব্য করুন