পাকুন্দিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত: গ্রেপ্তার ১

পাকুন্দিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত: গ্রেপ্তার ১

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে রমিজ উদ্দীন নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে শাকিল নামে এক যুবককে গ্রেপ্তার করে শনিবার (৭ মার্চ ২০২৬) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাকিল উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শুক্রবার ভোর রাতে এক ব্যক্তি একটি গরু নিয়ে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে যান। সেখানে নদীর তীর বাঁধাইয়ের ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকরা তাঁকে গরু চোর সন্দেহে আটক করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে ওই যুবককে এলোপাতাড়ি মারধর শুরু করলে ঘটনাস্থলেই রমিজ উদ্দীনের মৃত্যু হয়। পরে পাকুন্দিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এই মর্মান্তিক ঘটনার পর নিহতের বাবা হযরত আলী বাদী হয়ে শুক্রবার রাতে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ চরটেকী গ্রাম থেকে শাকিলকে গ্রেপ্তার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের সহিংস ও আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

মন্তব্য করুন