মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় পারিবারিক কলহের জের ধরে একই দিনে বাবা ও ছেলের মরদেহ উদ্ধারের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ৯টার দিকে অসুস্থ বাবার মরদেহ বাড়িতে নিয়ে আসার পর স্বজনরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবাস ফেরত ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে আসে এবং দুই মরদেহ দেখতে হাজারো জনতা ভিড় জমায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের এইচএস জিজি স্মৃতি বিদ্যায়তন সংলগ্ন গোলাবাড়ি এলাকার বাসিন্দা মো. শাহজাহান (৬৭) দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি পেশায় পূর্বে থ্রি-হুইলার চালক ছিলেন এবং গত ২০-২৫ বছর ধরে দমদমা গ্রামের পার্শ্ববর্তী নদভী নগর মাদ্রাসার মেইন গেট সংলগ্ন নিজস্ব বাড়ি নির্মাণ করে দুই ছেলে ও দুই মেয়েসহ বসবাস করে আসছিলেন।
পারিবারিক নানা বিষয়ে এই পরিবারটিতে দীর্ঘ দিন যাবত কলহ লেগেই থাকত। গত কয়েকদিন আগে অসুস্থ অবস্থায় শাহজাহান হার্ট অ্যাটাক করেন এবং চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার মারা যান।
বৃহস্পতিবার রাতে আত্মীয়-স্বজনরা হাসপাতাল থেকে শাহজাহানের মরদেহ বাড়িতে নিয়ে আসলে ঘরের সব দরজা-জানালা ভেতর থেকে বন্ধ দেখতে পান। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে জানালার গ্রিল ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন স্বজনরা। এ সময় তারা ঘরের আড়াঁর (ডাব বা চালের কাঠ) সাথে প্রবাস ফেরত বড় ছেলে উজ্জ্বল হোসেনের (৪০) মরদেহ ঝুলতে দেখেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, প্রবাস ফেরত উজ্জ্বল নেশায় আসক্ত ছিলেন এবং পারিবারিক কলহের জেরে বাবার মৃত্যুর আগেই তিনি ঘরে ঘরের দরজা বন্ধ করে দেন। আড়াঁর সাথে ঝুলে থাকা উজ্জ্বলের মরদেহ থেকে ইতিমধ্যে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছিল। পুলিশের প্রাথমিক ধারণা, বাবার মৃত্যুর এক বা দুই দিন আগেই উজ্জ্বল ঘরের ভেতর আত্মহত্যা করে থাকতে পারেন।
খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছেলে উজ্জ্বলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি নিয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
এআইএল/সকালবেলা