এছার আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ণ
এছার আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার শিমলারআইট গ্রামে পথ দখল করার প্রতিবাদ করায় এছার আলী সরদারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা। এই নির্মম হত্যাকাণ্ডের মূল হোতাসহ জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন) স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান ও হাফেজ দিদারুল আলম গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, নিহত এছার আলী সরদার ছিলেন এলাকার একজন অত্যন্ত সুপরিচিত ও সৎ মানুষ। তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাতে পুরো এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের মূল হোতা ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জোর দাবি জানান তারা। অন্যথায় আগামীতে রাজপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলাচলের একটি পথের জমি দখলকে কেন্দ্র করে শামছুর সরদার ও তার ছেলে আব্দুল হালিম সরদারের সঙ্গে এছার আলী সরদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমিতে গত ৩১ মে উভয় পক্ষ অবস্থান নিলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে এছার আলী সরদারসহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ৪ জুন সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এছার আলীর মৃত্যু হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “ঘটনার বিষয়ে উভয় পক্ষ মামলা করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এছার আলী সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় মামলায় হত্যার ধারা সংযুক্ত করার প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন