কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি-পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ণ
কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি-পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গোয়ালঘরে গরুকে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার (৫ জুন) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উখড়াশাল গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী নেহেরা খাতুন (৬০) এবং তাঁর পুত্রবধূ ও মো. জাহাঙ্গীরের স্ত্রী খালেদা আক্তার বেবী (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, খালেদা আক্তার বেবী প্রতিদিনের মতো দুপুরে গরুকে খাবার দেওয়ার জন্য বাড়ির গোয়ালঘরে যান। এ সময় অসাবধানতাবশত তিনি গোয়ালঘরের লোহার গেটে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে সেখানেই আটকে পড়েন। দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে পুত্রবধূকে উদ্ধারের জন্য তাৎক্ষণিকভাবে ছুটে আসেন শাশুড়ি নেহেরা খাতুন। কিন্তু পুত্রবধূকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতরভাবে বিদ্যুতায়িত হন।

পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাঁদের দুজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাশুড়ি ও পুত্রবধূ দুজনকেই মৃত ঘোষণা করেন।

হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ও আকস্মিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি ও কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। এমন দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দারা বৈদ্যুতিক সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন