যশোরের শ্রেষ্ঠ ইউএনও মণিরামপুরের সম্রাট হোসেন

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ণ
যশোরের শ্রেষ্ঠ ইউএনও মণিরামপুরের সম্রাট হোসেন

আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি: বৃহত্তর যশোরের আইনি সহায়তায় অতিদ্রুত সময়ে ইউনিয়ন পর্যায়ে জনসাধারণের করা অভিযোগের ভিত্তিতে এজলাস বসিয়ে তা নিষ্পত্তির জন্য পরিচালিত গ্রাম আদালত পুনরায় সক্রিয়করণে অসামান্য অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পুরস্কৃত হয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।

গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রিফ্রেশার প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে তাঁকে এই সম্মানে ভূষিত করেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিডিএলজি মোঃ রফিকুল হাসান।

উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর যশোর জেলায় বন্ধ থাকা গ্রাম আদালতের সক্রিয়করণে ২০২৩ সালের সেপ্টেম্বর হতে শুরু হওয়া কার্যক্রমের ধারাবাহিকতা বজায় ছিল। এর প্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই হতে চলতি ২০২৬ সালের সক্রিয়তায়, আদালতের এজলাস কক্ষ সজ্জিতকরণ এবং অভিযোগ নিষ্পত্তিতে সমগ্র দেশের মধ্যে সেরা গ্রাম আদালতের দৃষ্টান্ত স্থাপন করেছে মণিরামপুর। এই অভাবনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ যশোর জেলার সেরা উপজেলা হিসেবে মণিরামপুরের নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেনকে পুরস্কৃত করা হয়।

মণিরামপুর উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর অনুপম সরকার চলতি তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মোঃ সম্রাট হোসেন শুধুই একজন দক্ষ নির্বাহী কর্মকর্তা নন, পাশাপাশি তিনি একজন অত্যন্ত মানবিক ব্যক্তিও বটে। তাঁর কাছে যে কেউই অভিযোগ নিয়ে আসুক না কেন, তিনি সাধারণ মানুষকে সমান মর্যাদায় সম্মান দিতে জানেন।

এই অর্জনে নিজের অভিব্যক্তি প্রকাশ করে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন এই প্রতিবেদককে জানান, “এ সম্মাননা স্মারক আমার জীবনে অন্যতম স্মৃতি হয়ে থাকবে। তাছাড়া, সরকার আমাকে নিয়োগ দিয়েছে জনগণের সেবার জন্য, আমি সততার সাথে সেটাই করে চলেছি।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন