মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ও হোসেন্দী ইউনিয়নে পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে গজারিয়া তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম। অভিযানে নেতৃত্ব দেন গজারিয়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আব্দুল্লাহ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের একপর্যায়ে উপজেলার দক্ষিণ ফুলদী এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— দক্ষিণ ফুলদী এলাকার আব্দুল বাসেতের ছেলে শাহাদাত হোসেন (৩৯), মো. মিজানের ছেলে মাহিন (২৪) এবং জহিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান রনি (২৫)।
অপরদিকে, গোয়ালগাঁও এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ রোমান ওরফে হোমা (২৪) নামে আরেক মাদক কারবারিকে আটক করা হয়। সে ওই এলাকার শহর উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গজারিয়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু আব্দুল্লাহ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।” এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে মাদকের বিস্তার রোধে নিয়মিত এমন তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা