খুলনার থ্রিপল মার্ডার: প্রধান আসামি রফিক গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ণ
খুলনার থ্রিপল মার্ডার: প্রধান আসামি রফিক গ্রেপ্তার

সরদার সাইদী হাসান বাবু, খুলনা ব্যুরো: খুলনার সোনাডাঙা থানায় সংঘটিত চাঞ্চল্যকর থ্রিপল মার্ডার (শাশুড়ি ও দুই সন্তান হত্যা) মামলার ১ নম্বর আসামি মোঃ রফিকুল ইসলাম হাওলাদারকে (৩৮) বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

গত ২৯ মে ২০২৬ তারিখে র‍্যাব-৬, সদর কোম্পানি এবং র‍্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কোতোয়ালি থানাধীন কাশিপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম হাওলাদারের বাড়ি খুলনার দৌলতপুর থানা এলাকায় এবং তার পিতার নাম মোঃ আলমগীর হাওলাদার।

খুলনার সোনাডাঙা থানায় দায়ের করা এই মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের মামলায় রফিক হাওলাদার ছিলেন প্রধান পলাতক আসামি। শাশুড়ি এবং দুই শিশু সন্তানকে হত্যার এই বর্বরোচিত ঘটনাটি দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আইনি চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন বলে জানা গেছে।

র‍্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রফিক হাওলাদারকে খুলনার সোনাডাঙা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই কুখ্যাত আসামির গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছে নিহতের পরিবার ও স্থানীয় সচেতন মহল।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন