মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে গাজীপুরের শ্রীপুরে এক আনন্দ মিছিল ও বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে. শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব ও গাজীপুর জেলা যুবদলের সদস্য আবু তাহের প্রধানের নেতৃত্বে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন.
কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম (মুন্না) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন)-এর নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার পর আজ শুক্রবার (৫ জুন) বিকেলে শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টার বাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই আনন্দ মিছিল বের করা হয়. নতুন এই কেন্দ্রীয় কমিটিকে ঘিরে সারা দেশের ন্যায় শ্রীপুরেও যুবদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে.
আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য আবদুর রহিম, শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির প্রধান ও শাহাবুদ্দিন আরাফাত, পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক আরেফিন আলম, পৌর যুবদলের আহ্বায়ক সদস্য মনির হোসেন বেপারী ও জহিরুল ইসলাম, গাজীপুর জেলা যুবদল নেতা হযরত আলী, হাসানুজ্জামান লিটন, নুরুল ইসলাম হাবি ও শামসুল ইসলাম, যুবদল নেতা মাইজুল ইসলামসহ স্থানীয় যুবদলের বিভিন্ন স্তরের কয়েক শতাধিক নেতাকর্মী.
নেতৃবৃন্দ নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের অভিনন্দন জানিয়ে আগামী দিনে দলীয় আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন.
এআইএল/সকালবেলা