সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ণ
সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য: তথ্য প্রতিমন্ত্রী

মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার সাংবাদিকদের কল্যাণ, অধিকার বাস্তবায়ন এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশের গণতন্ত্র রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সফলতায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।

আজ শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আক্ষেপ প্রকাশ করে বলেন, অতীতে সাংবাদিকদের কল্যাণে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করা হয়নি। অথচ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমকর্মীদের অবদান অপরিসীম। তিনি স্মরণ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের আবাসনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছিলেন। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনায় এসেছে, তখনই সাংবাদিকদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিয়েছে। তিনি স্পষ্ট করেন, বর্তমান সরকার সংবাদ প্রকাশে কোনো ধরণের বাধা বা হস্তক্ষেপে বিশ্বাস করে না এবং অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের কোনো মানসিকতা সরকারের নেই।

তথ্য প্রযুক্তির এই যুগে ‘মিসইনফরমেশন’ ও ‘ডিসইনফরমেশন’ (অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য) একটি বৈশ্বিক উদ্বেগ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সরকার সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। ইতিমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়েছে, যেখানে প্রাথমিকভাবে প্রতি উপজেলা থেকে ৩০-৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে দীর্ঘদিন কাজ করার নিজস্ব অভিজ্ঞতার আলোকেই তিনি এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছেন বলে জানান।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, দেশের সুশাসন প্রতিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনায় সরকার ও সংবাদমাধ্যম একে অপরের পরিপূরক। সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই সমাজের অসঙ্গতি ও দুর্নীতি জনসমক্ষে আসে। তিনি চট্টগ্রাম সাংবাদিক সমাজকে বিভেদ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সাংবাদিকদের আবাসনসহ বিভিন্ন যৌক্তিক দাবিতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন— চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুল রহমান শাহীন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ এবং দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেকসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন