হোসনাবাদে জমি বিরোধে সংঘর্ষে আহত ৬

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ
হোসনাবাদে জমি বিরোধে সংঘর্ষে আহত ৬

মোঃ সোহেল রানা, বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মোল্লাবাড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাবাড়ির একই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল বিকেলে সামান্য বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, মাদকাসক্ত শামীম মোল্লা হঠাৎ ক্ষিপ্ত হয়ে নিজ বাড়িতে ব্যাপক ভাঙচুর ও হামলা চালান। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, সংঘর্ষের এক পর্যায়ে শামীম মোল্লার ভাই আল-আমীনও মারামারিতে জড়িয়ে পড়েন এবং বাড়ির কয়েকজন সদস্যকে পিটিয়ে জখম করেন।

আহতদের উদ্ধার করে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত শামীম মোল্লাকে গণধোলাই দিয়ে আটকে রাখে এবং পরে বেতাগী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ হাওলাদার জানান, “এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন