সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৫৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাত ৭:০৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় টোলপ্লাজা এলাকায় একটি সন্দেহভাজন পালসার মোটরসাইকেলকে থামায় পুলিশ। পরে মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ১৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— আখাউড়া থানার দেবগ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মিনহাজ এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বাদেশরায়ের বাছির মিয়ার ছেলে নিলয় মিয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিনহাজের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। এই মাদক চালানের বিষয়ে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এআইএল/সকালবেলা