প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক: আগামী ১৪ জুন (রোববার) দুই দিনের এক সরকারি সফরে পর্যটন নগরী কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন।
কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম আজ শুক্রবার বিকেলে এই সফরের তথ্য নিশ্চিত করেছেন।
সাফওয়ানুল করিম জানান, কক্সবাজার সফরকালে প্রধানমন্ত্রী স্থানীয় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন, বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং একটি বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
১৪ জুন, বেলা ১১টা: প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে এসে পৌঁছাবেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় তিনি পার্কের বিভিন্ন এলাকা ঘুরে পরিদর্শন করবেন।
পেকুয়া সফর ও কবর জিয়ারত: সাফারি পার্কের কর্মসূচি শেষে তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে গিয়ে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। এরপর নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
মধ্যাহ্নভোজ ও মাতামুহুরী উপজেলা: পেকুয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি ‘সাঈদ ম্যানশনে’ মধ্যাহ্নভোজে অংশ নেবেন। দুপুরের খাবার শেষে তিনি চকরিয়ায় গিয়ে নতুন মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন।
বিকেল ৪টা (জনসভা): চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভা শেষে তিনি কক্সবাজার শহরে ফিরে গিয়ে সেখানে রাত যাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ১৫ জুন (সোমবার) সকালে কক্সবাজারের স্থানীয় সুধীজনের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরের দিকে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।