মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: খুলনার মংলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১১ জন শিক্ষক এবং তাঁদের মাইক্রোবাসের চালক গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় খুলনা-মোংলা মহাসড়কের রামপাল থানা এলাকার তেঁতুলিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এই খবর শাহজাদপুরে পৌঁছানোর পর আহত শিক্ষকদের বাড়িতে বাড়িতে স্বজনদের মাঝে চরম উদ্বেগ ও আহাজারি শুরু হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা-মোংলা মহাসড়কে মোংলাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা চালকসহ অন্তত ১২ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষকেরা হলেন— শাহজাদপুর উপজেলার তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ পারভেজ আক্তার, পোতাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামিম হোসেন, জুগ্নীদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নবী নেওয়াজ, কৈজুরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আঃ খালেক, মওলানা ছাইফ উদ্দিন এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুয়েল হোসেন, পুঠিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, ভেড়াখোলা আমেনা খাতুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ লুতফর রহমান, সাতবারিয়া নুরুন্নাহার সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান, পোতাজিয়া মাদ্রাসার সুপার মোঃ ফজলুল হক এবং আরও দুই জন সহকারী শিক্ষক। এ ছাড়া আহত হয়েছেন মাইক্রোবাসের চালক মোঃ লালচাঁদ মিয়া।
শাহজাদপুরের জমিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহজাদপুর উপজেলার ৯ জন প্রধান শিক্ষক ও দুইজন সহকারী শিক্ষক গত বুধবার রাতে খুলনার মংলা ও রামপালে ভ্রমণের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে বৃহস্পতিবার বিকেলে রামপালের তেতুলিয়া নামক স্থানে এই মুখোমুখি সংঘর্ষের শিকার হন তাঁরা।
দুর্ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থেকে একাধিক শিক্ষক ও আহতের স্বজনেরা দ্রুত খুলনার বিভিন্ন হাসপাতালে পৌঁছে গেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আহতদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
এআইএল/সকালবেলা