বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ডোবার পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামে এই বেদনাদায়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা ও আরব আমিরাত প্রবাসী মো. আইনুদ্দীন এবং তাঁর ছেলে রাশেদ মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির পাশের একটি ডোবার পানি সেচ করার জন্য বৈদ্যুতিক পাম্প চালু করছিলেন প্রবাসী মো. আইনুদ্দীন। এ সময় অসাবধানতাবশত একটি সচল বৈদ্যুতিক তার ডোবার পানির সংস্পর্শে চলে আসে এবং তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যুতায়িত হন।
বাবার এই অবস্থা দেখে এবং তাঁকে ছটফট করতে দেখে উদ্ধারের জন্য দ্রুত এগিয়ে আসে ছেলে রাশেদ মিয়া। কিন্তু ডোবার পানি বিদ্যুতায়িত থাকায় সেও ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত বাবা ও ছেলেকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও নিহতদের বাড়ির চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। পুলিশ ও সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে।
এআইএল/সকালবেলা
|