হান্নান মাসউদের ‘দুর্নীতি’ ফাঁস: ছাত্রদল নেতার বাড়িতে হামলা

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ণ
হান্নান মাসউদের ‘দুর্নীতি’ ফাঁস: ছাত্রদল নেতার বাড়িতে হামলা

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবির তথ্য ফাঁসকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গাফফারের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পশ্চিম বড় দেইল গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে হাতিয়া উপজেলা ছাত্রদল স্থানীয় সাগরিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে।

ভুক্তভোগী ছাত্রদল নেতা আব্দুল গাফফার (২৯) জুলাই গণঅভ্যুত্থানের সময় এমপি হান্নান মাসউদের ঘনিষ্ঠ সহচর ছিলেন। গাফফারের দাবি, ৫ আগস্টের পর নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে নিরাপদ দূরত্বে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন হান্নান মাসউদ এবং এজন্য তিনি ৩ কোটি টাকা দাবি করেন। গাফফার তখন এতে বাধা দিয়েছিলেন।

পরবর্তীতে গত বুধবার (৩ জুন) এই তথ্যটি গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁনকে জানান গাফফার। রাশেদ খাঁন এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে গাফফার সেটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন। অভিযোগ উঠেছে, এই তথ্য ফাঁসের পর থেকেই হান্নান মাসউদের অনুসারীরা গাফফারকে ফেসবুকে হুমকি দিতে শুরু করে এবং এরই জেরে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। হামলায় ভবনের জানালা ও প্রধান ফটক ভাঙচুর করা হয় এবং বাড়িতে থাকা গাফফারের বৃদ্ধ বাবা-মা বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ অভিযোগ করেন, ৩ কোটি টাকা দাবির স্টেটমেন্ট দেওয়ার পর গত দুদিন ধরে এনসিপি নেতাকর্মীরা গাফফারকে হুমকি দিচ্ছিল এবং তারাই এই হামলা চালিয়েছে।

অন্যদিকে, হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক সামছুল কিবরিজ দাবি করেন, ভাইরাল হওয়ার জন্য তাঁরা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয় এমপি বিষয়টি অবহিত করার পর তিনি ঘটনাস্থলে গেলে বিএনপির নেতাকর্মীরা সেখানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

অভিযোগের বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, "আমার নিজের বাড়িতে হামলা হয়, আমি সেগুলোই সামাল দিতে পারি না। আমি আরেকজনের বাড়িতে হামলা করব কেন? আমাকে হেয় করার জন্য এটি পুরোপুরি একটি সাজানো নাটক।"

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, রাতের অন্ধকারে একতলা ওই ভবনের দক্ষিণ পাশ থেকে কে বা কারা ঢিল ছুড়েছে। ইটের টুকরো পড়ে জানালার অংশবিশেষ ভেঙে গেছে, তবে কাউকে দেখা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন