ইরানের ইউরেনিয়াম দখলে চুক্তির প্রয়োজন নেই: ট্রাম্প

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ণ
ইরানের ইউরেনিয়াম দখলে চুক্তির প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে অর্থাৎ তা দখল করতে ওয়াশিংটনের কোনো ধরনের চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা হোসেইনি খামেনির সঙ্গে দেখা করার বিষয়েও তাঁর অবস্থান জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা এখনই এটি (ইরানের ইউরেনিয়াম) পেতে পারি। আমার মনে হয় না, আমরা চাইলে তারা আমাদের থামাতে পারবে। তবে এর কোনো কারণ নেই। এটি সমাধিস্থ অবস্থায় আছে।”

বক্তব্যের একপর্যায়ে ট্রাম্প জানান, তিনি এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে আগ্রহী নন। তবে তিনি যোগ করেন, যদি ভবিষ্যতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়, তাহলে তাঁদের দুজনের সাক্ষাৎ হওয়া সম্ভব। এই সম্ভাব্য সাক্ষাৎ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “যদি তা ঘটে...আমি সম্মানজনক আচরণ করব।”

এদিকে, গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার একটি বড় অংশজুড়ে ছিল ইরান প্রসঙ্গ। নেতানিয়াহু বলেন, ইরান এমন একটি বড় বিষয়, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই গভীর উদ্বেগের কারণ। তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে তিনি এবং ট্রাম্প সম্পূর্ণ একই অবস্থানে রয়েছেন বলেও উল্লেখ করেন।

মন্তব্য করুন