মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের গজারিয়ায় বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নদী, খাল ও পরিবেশ রক্ষা কমিটি। “নদী বাঁচলে বাঁচবে দেশ, নদীমাতৃক বাংলাদেশ” স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির জোরালো আহ্বান জানানো হয়।
আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডের মোহাম্মদ আলী প্লাজা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, "পরিবেশ সুরক্ষার প্রশ্নে আমরা দল-মতের ঊর্ধ্বে। পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসুন, আমরা প্রত্যেকে ব্যক্তিগত উদ্যোগে অন্তত পাঁচটি করে গাছ রোপণ করি—এটাই হোক আজ বিশ্ব পরিবেশ দিবসে আমাদের মূল অঙ্গীকার।"
নদী, খাল ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সাহাদাত পারভেজের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— প্রফেসর গিয়াসউদ্দিন, এম. ইসহাক আলী, তপন চৌধুরী, হাসান জাহাঙ্গীর, নুরুল আমিন সরকার, আজিজুল হক পার্থ, আক্তারুজ্জামান শিকদার, আলমগীর হোসেন মিয়া, জাহাঙ্গীর শিকদারসহ স্থানীয় দুই শতাধিক পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজনকারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে। স্থানীয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি গজারিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।
এআইএল/সকালবেলা