তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা একটি মামলায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পেরিয়াটা গ্রামের চিহ্নিত মাদকসম্রাট মিন্টু মিয়া ও তার স্ত্রী সীমা বেগমের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) করেছে আদালত। আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বাউসী মৌজায় অবস্থিত ক্রোককৃত জমিতে সতর্কীকরণ সাইনবোর্ড টানিয়ে সম্পত্তি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়।
সরিষাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিনিয়র স্পেশাল জজ মো. আবু শামীম আজাদের স্বাক্ষরিত এক আদেশে তফসিলভুক্ত সম্পত্তিগুলোর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ সিআইডির পক্ষে অতিরিক্ত আইজিপি (সিআইডি), ঢাকাকে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আদালতের আদেশ অনুযায়ী, সীমা বেগমের নামে নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকায় অবস্থিত ৬ শতাংশ জমি এবং মিন্টু মিয়ার নামে সরিষাবাড়ী উপজেলার বাউসী মৌজায় থাকা ১১ শতাংশ জমির বিরুদ্ধে ক্রোক পরোয়ানা কার্যকর করা হয়। এ কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরিষাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।
এ সময় উপস্থিত ছিলেন সিআইডি জামালপুরের তদন্তকারী কর্মকর্তা এসআই শিব্বির আহমেদ, এসআই মিজানুর রহমান, সরিষাবাড়ী থানার এসআই সুব্রত কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। তারা আদালতের নির্দেশনা অনুযায়ী জমি পরিমাপ করে ক্রোককৃত সম্পত্তি চিহ্নিত করেন এবং সেখানে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আদালতের আদেশ অনুযায়ী ক্রোককৃত সম্পত্তি বিক্রয়, হস্তান্তর কিংবা দখল পরিবর্তন করা আইনত নিষিদ্ধ। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তিগুলো আদালত নিযুক্ত তত্ত্বাবধায়কের তত্ত্বাবধানে সংরক্ষিত থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু মিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অবৈধ অর্থে তিনি নিজের ও স্ত্রীর নামে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলেন। অনুসন্ধানে জানা গেছে, ক্রোক হওয়া জমির বাইরে ভাটারা ইউনিয়নের পেরিয়াটা গ্রামে মিন্টু মিয়ার স্ত্রী সীমা বেগমের নামে আরও ৮ শতাংশ জমির ওপর তিন তলা ফাউন্ডেশনের একটি একতলা পাকা বাড়ি রয়েছে। স্থানীয়দের মতে, বাড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। মাদক ব্যবসা ও অবৈধ সম্পদের বিরুদ্ধে সরকারের এমন কঠোর এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।
এআইএল/সকালবেলা