দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়লেও প্রাণহানি হয়নি, জানাল নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ণ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়লেও প্রাণহানি হয়নি, জানাল নৌপরিবহন মন্ত্রণালয়

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। যাত্রীদের ফেরিতে ওঠার আগে বাস থেকে নামিয়ে দেওয়ার সরকারি নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করায় এবার বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

আজ শুক্রবার (৫ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘এস বি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস আজ সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে ফেরি ‘কবরী’-তে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এরপর বাসটি কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে ফেরির বিপরীত পাশের সংযোগ সেতু (র‌্যাম্প) ভেঙে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

তবে ঘাট ও ফেরি ব্যবহারের যাত্রী নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী—ফেরিতে ওঠার ঠিক আগেই বাসটির সব যাত্রীকে নিচে নামিয়ে দেওয়ায় অলৌকিকভাবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদ্যোগে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। বাসের চালক ও সহকারীকে নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে নদী থেকে ডুবে যাওয়া বাসটি টেনে তুলেছে।

এই উদ্ধার কার্যক্রমে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী সার্বিক উদ্ধার অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং দ্রুত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মন্ত্রণালয়ার পক্ষ থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে ফেরিঘাটে এমন দুর্ঘটনা এড়াতে সব চালক ও চালকের সহযোগীদের নিরাপত্তা বিধি মেনে চলার জোরালো আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ফেরিতে ওঠার ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা শতভাগ অনুসরণ করা, যানবাহনের যাত্রীদের আগে নামিয়ে দেওয়া এবং যাত্রীদের জন্য নির্ধারিত পথ ব্যবহার করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে।

মন্তব্য করুন