‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৬ নেতাকর্মী কারাগারে

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৬ নেতাকর্মী কারাগারে

অনলাইন ডেস্ক: সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন— ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ ওরফে মধু, কালীগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি মো. স্বাধীন ইসলাম, দৌলতপুর আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইফতেখার আহমেদ সবুজ, পটুয়াখালী যুবলীগের সদস্য খোকন ফরাজী এবং মনপুরা থানা যুবলীগের সক্রিয় সদস্য মাকসুদুর রহমান বাবলু।

এদিন গ্রেপ্তার ছয় আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন করেন ধানমন্ডি থানার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজা শেষে তাঁর মরদেহ লাশবাহী গাড়িতে তোলার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রায় ২০০ নেতাকর্মী ‘জয় বাংলা’ ও সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল শুরু করেন।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ওই ছয়জনকে গ্রেপ্তার করে এবং বাকিরা পালিয়ে যান। এই ঘটনায় ধানমন্ডি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন এসআই মিঠুন সিংহ।

মন্তব্য করুন