কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের জন্য রাজনীতি করি! প্রয়োজনে নিজের পৈত্রিক সম্পত্তি বিক্রি করে টাকা দেব, তবুও সাধারণ মানুষের পকেট কাটা যাবে না।” নদীঘাটের অতিরিক্ত টোল ও ইজারা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির বিরুদ্ধে এমন আপসহীন ও মানবিক ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসায় ভাসছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান।
গত ৩১ মে (রোববার) সন্ধ্যায় উপজেলার ঐতিহ্যবাহী মতিরহাট উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে ঘাট ইজারাদারদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি এসব কথা বলেন। তাঁর এই জনবান্ধব বক্তব্য ইতোমধ্যে জেলা ছাড়িয়ে দেশব্যাপী ইতিবাচক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে হুইপ আশরাফ উদ্দিন নিজান স্পষ্ট ভাষায় বলেন, খেটেখাওয়া মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঘাটের ইজারা সম্পূর্ণ ফ্রি করে দিতে হবে। ইজারাদারদের পাওনা টাকার বিকল্প ব্যবস্থা তিনি নিজেই করবেন। ক্ষমতার মোহ ছেড়ে জীবনের নশ্বরতার কথা স্মরণ করে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমার আর বেশি বাঁচার দরকার নাই, এমপি হওয়ারও দরকার নাই! রামগতি আর কমলনগরে যদি ২-৩টা জিনিস ঠিক করে দিতে পারি, তবেই আমার রাজনীতি সার্থক।”
বর্তমান সময়ে নদীঘাট বা হাটবাজারে ইজারার নামে সাধারণ মানুষের ওপর বাড়তি কর বা চাঁদার বোঝা চাপানোর যে সংস্কৃতি, সেখানে একজন ক্ষমতাসীন দলের হুইপের এমন ঘোষণা সত্যিই বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত বলে মনে করছে স্থানীয় সুধীসমাজ।
এআইএল/সকালবেলা