নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, মার্কিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ণ
নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, মার্কিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের শেলবি শহরে এক নারীকে গ্রেপ্তারের সময় এক পুলিশ কর্মকর্তার বর্বর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই অমানবিক ঘটনার তীব্র জনরোষের মুখে অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বাড়ির দরজায় বসানো ক্লোজড সার্কিট (ডোরবেল) ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা এক নারীকে জোরপূর্বক মাটিতে ফেলে দেন এবং তাঁর ওপর চড়ে বসে একের পর এক কিল-ঘুষি মারতে থাকেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

শেলবি শহরের পুলিশ প্রধান এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক অভ্যন্তরীণ তদন্ত শেষ হওয়ার পর পুরো বিষয়টি আরও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার জন্য রাজ্য তদন্ত সংস্থার (SBI) কাছে হস্তান্তর করা হয়েছে, যেন কোনো ধরনের ফৌজদারি আইন লঙ্ঘনের বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা যায়।

পুলিশি নির্যাতনের শিকার ওই নারীর নাম শেরি মোর বলে শনাক্ত করা হয়েছে। ভিডিওতে তাঁকে ব্যথায় চিৎকার করতে করতে বলতে শোনা যায়, “আমার বিরুদ্ধে তো কোনো ওয়ারেন্ট নেই, আপনি কী করছেন?” ফুটেজ অনুযায়ী, ওই নারী বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে না তুললেও পুলিশ কর্মকর্তা তাঁকে মাটিতে চেপে ধরে উপর্যুপরি আঘাত করতে থাকেন।

পরবর্তীতে ভিডিওতে আরও এক পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পৌঁছাতে দেখা যায়। তিনি প্রথম কর্মকর্তাকে থামানোর চেষ্টা করে বলেন, “ছেড়ে দাও, আমি সামলাচ্ছি।” এ সময় ভুক্তভোগী নারী বারবার তাঁর বাবাকে ফোন করার আকুতি জানান এবং বলতে থাকেন যে তিনি তাঁর প্রয়োজনীয় ওষুধপত্রও সেবন করতে পারেননি।

কারাগারের রেকর্ড অনুযায়ী, বর্বর নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও শেরি মোর নামের ওই নারীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, গ্রেপ্তারে বাধা দেওয়া এবং সরকারি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

শেলবি প্রশাসন জানিয়েছে, পুরো ঘটনাটির একটি সম্পূর্ণ, সুনির্দিষ্ট ও স্বচ্ছ তদন্ত চলমান রয়েছে। ঘটনার মূল দায় নির্ধারণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সূত্র: ডেইলি জং। 

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন