অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার দেওয়া বক্তব্যকে ইসলাম ধর্মের অবমাননা ও উসকানিমূলক আখ্যা দিয়ে তার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (২ জুন) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন ইসলামপ্রিয় জনতার’ ব্যানারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে হেফাজতে ইসলামের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্রবিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী এবং সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি হাজী মহিবুল ইসলাম।
সমাবেশে জুনায়েদ কাসেমী বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগ এনে গতকাল ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইলের শাহবাজপুরের এক মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় ইসলামের পবিত্র আজান ও ধর্মীয় ওয়াজ মাহফিল নিয়ে কটূক্তি করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো ধরনের অপসংস্কৃতি বরদাশত করা হবে না। এসব বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।” এ সময় অন্য বক্তারাও রুমিন ফারহানার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইসলাম নিয়ে কটূক্তি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
উল্লেখ্য, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনীর আয়োজন করেছিল। কিন্তু কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে সিনেমাটি প্রদর্শন না করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়। পরবর্তীতে রবিবার ব্যক্তিগত উদ্যোগে কসবা উপজেলার একটি স্কুলের মাঠে সিনেমাটি দেখানোর চেষ্টা করা হলেও স্থানীয় পুলিশ ও প্রশাসন গিয়ে তা বন্ধ করে দেয়।