ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ
স্টাফ রিপোর্টার: দেশে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ ও অধিকার সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ (এনইসি) নামের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
আজ মঙ্গলবার (২ জুন) দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় সম্পাদকদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক, প্রবীণ সাংবাদিক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সম্মানিত সদস্যরা হলেন— সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর (সম্পাদক, নয়াদিগন্ত), হাসান হাফিজ (সম্পাদক, কালেরকণ্ঠ), আবদুল হাই শিকদার (সম্পাদক, যুগান্তর), মারুফ কামাল খান সোহেল (সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ), আযম মীর শাহীদুল আহসান (সম্পাদক, সংগ্রাম), মোকাররম হোসেন (সম্পাদক, নিউ নেশন), শফিকুল আলম (সম্পাদক, ওয়াদা), শহীদুল ইসলাম (সম্পাদক, মানবকণ্ঠ), শান্তনু ইসলাম সুমিত (সম্পাদক, লোকসমাজ), ওসমান গনি মনসুর (সম্পাদক, ডেইলি পিপলস ভিউ), মুকতাবিস উন নূর (সম্পাদক, জালালাবাদ)।
বৈঠকে উপস্থিত সম্পাদকরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ফ্যাসিবাদের দীর্ঘ দেড় দশকের শাসনামলে দেশের সংবাদমাধ্যমের যে চরম অবক্ষয় ও বিপর্যয় ঘটেছে, তা থেকে উত্তরণের জন্য এই মুহূর্তে নতুন একটি পেশাদার সংগঠনের প্রয়োজনীয়তা অপরিসীম। সংবাদপত্রের হারানো গৌরব ও স্বাধীনতা ফিরিয়ে আনতেই তাঁরা এই ঐক্যমতে পৌঁছেছেন।
সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং যত দ্রুত সম্ভব জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে একটি ‘জাতীয় কনভেনশন’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এআইএল/সকালবেলা
|