প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে গঠিত ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। ছবি: প্রধানমন্ত্রী কার্যালয়
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে গঠিত ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে ঢাকা ছেড়েছেন। আজ মঙ্গলবার (২ জুন) বেলা ২টায় চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, চীন সরকার ও ঢাকায় চীনা দূতাবাসের যৌথ সহযোগিতায় এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে প্রতিনিধি দলটি এই সফরে গেছেন। চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে আগামী ৮ জুন পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এই প্রতিনিধি দলে রয়েছেন—প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ মামুন শিবলী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মনিরুল ইসলাম পাটোয়ারি, আনোয়ার উল হালিম, মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, মো. মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-২ এসএম পারভেজ, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহর একান্ত সচিব তারিখ হাসান। এ ছাড়াও প্রতিনিধি দলের অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—জুলিয়া মঈন, জেসমিন আক্তার ও মোহাম্মদ জাব্বার।
প্রশিক্ষণে অংশগ্রহণের উদ্দেশ্যে দেশত্যাগের আগে গতকাল সোমবার ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চীনা রাষ্ট্রদূত আরও আশা প্রকাশ করেন যে, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের অভূতপূর্ব উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান বাংলাদেশের সার্বিক উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন।