মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা রাতারাতি সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ণ
মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা রাতারাতি সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক: ঢাকার মোহাম্মদপুরে সন্ত্রাসী ও অপরাধ সমস্যা রাতারাতি বা ‘ওভারনাইট’ সমাধানযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ওই এলাকায় মাদক ও জুয়ার প্রভাব বেশি। তবে আইনের কিছু দুর্বলতার কারণে অপরাধীদের আটক করলেও দীর্ঘ সময় জেলে রাখা যাচ্ছে না। এই পরিস্থিতি উত্তরণে আধুনিক আইন তৈরির মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।

আজ মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাভারের শিশু রামিসা হত্যার বিচারকাজ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ বিষয়টি এখন আদালতের আওতাধীন। তবে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই যেন এই বিচারকাজ শেষ হয়, সেই প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে অব্যাহত রয়েছে।”

সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে নবজাতকদের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসির গ্যাস সংক্রান্ত জটিলতার কারণে শ্বাসকষ্টে ওই নবজাতকদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ও বিষয়টি খতিয়ে দেখছে বলে তিনি জানান।

দেশের সার্বিক ট্রাফিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে যানজট কিছুটা নিরসন হয়েছে। বিশেষ করে ঢাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ (AI) প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যাপক সফলতা পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় দেশের অন্যান্য শহরের সড়কের সব গুরুত্বপূর্ণ পয়েন্টেও যান্ত্রিক অটোমেশন চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী ১ থেকে ২ মাসের মধ্যে যানজট আরও উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, সীমান্তে যেকোনো ধরনের পুশব্যাক ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে (অ্যালার্ট) রয়েছে। বর্তমান সরকার কোনো ধরনের পুশব্যাকের পক্ষে নয়। তবে কোনো বাংলাদেশি নাগরিক যদি অবৈধভাবে অন্য দেশে অবস্থান করেন, তবে সেটি সরকারি প্রক্রিয়ার মাধ্যমে আইনগতভাবে দেখা হবে।

মন্তব্য করুন