বগুড়ায় ইয়াবাসহ যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ণ
বগুড়ায় ইয়াবাসহ যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় মাদক কারবারের অভিযোগে পারুল খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানকালে তাঁর হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার পারুল খাতুন উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন মিয়ার স্ত্রী। মামলার এজাহার সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা রিপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। এর আগে ২০০৮ সালের ৩০ আগস্ট মাদকের একটি বড় চালানসহ তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে রিপন মিয়া কারাভোগের সময় তাঁর স্ত্রী পারুল খাতুন এই মাদক ব্যবসার হাল ধরেন এবং পুরো সিন্ডিকেট নিজের নিয়ন্ত্রণে নেন। কারামুক্ত হওয়ার পর রিপন মিয়াও আবারও স্ত্রীর সাথে এই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন।

ধুনট থানা পুলিশ জানায়, সোমবার রাতে রিপন মিয়া ও তাঁর স্ত্রী পারুল খাতুন নিজেদের বাড়িতে মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করছেন—এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে রিপন মিয়া পালিয়ে যেতে সক্ষম হলেও হাতেনাতে আটকে যান পারুল খাতুন। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় রিপন মিয়া ও পারুল খাতুনকে আসামি করে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে ইতিমধ্যেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর পলাতক আসামি রিপন মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন