নিকলীতে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ণ
নিকলীতে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের নিকলীতে এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২ জুন) বিকাল ৩ ঘটিকায় উপজেলার হাওরবেষ্টিত ছাতিরচর করচবনে এই কল্যাণমুখী কর্মসূচির আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের বিজ্ঞ প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের হাওরাঞ্চলকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশের সবুজায়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।"

ছাতিরচর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মোঃ বদরুল মোমেন মিঠু। অনুষ্ঠানে প্রধান বক্তা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আতিকুল ইসলাম তালুকদার হেলিম।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি চারণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং ছাতিরচরের করচবনসহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে গাছের চারা রোপণ করার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে ছাতিরচর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন