বি এম ফয়সাল, কুবি: প্রথম বাংলাদেশি হিসেবে জাপানের মর্যাদাপূর্ণ ‘এশিয়ান ইয়াং বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। বায়োটেকনোলজি গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই অনন্য সম্মাননায় ভূষিত করেছে ‘সোসাইটি ফর বায়োটেকনোলজি, জাপান’ (এসবিজে)।
আজ মঙ্গলবার (২ জুন) আন্তর্জাতিক এই অর্জনের বিষয়টি নিশ্চিত করেন ড. জান্নাতুল ফেরদৌস নিজেই।
ড. জান্নাতুল ফেরদৌস জানান, বায়োটেকনোলজি বিষয়ে যুগান্তকারী গবেষণার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই আন্তর্জাতিক পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। তাঁর গবেষণার মূল বিষয় ছিল ন্যানোপ্রযুক্তি ব্যবহার করে ওষুধ ও বায়োমলিকিউলের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা।
এক অনুভূতিতে তিনি বলেন, “একজন গবেষক হিসেবে এই অর্জন অত্যন্ত আনন্দ ও গর্বের। উন্নত বিশ্বের নামকরা গবেষকদের সঙ্গে প্রতিযোগিতা করে এই পুরস্কার অর্জন দেশের তরুণ গবেষকদের জন্যও বড় অনুপ্রেরণার উৎস হবে বলে আমি বিশ্বাস করি।”
ড. জান্নাতুল ফেরদৌস আরও জানান, আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ৭৮তম এসবিজে (SBJ) বার্ষিক সম্মেলনে তাঁকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের যাবতীয় ব্যয়ভার বহন করবে এসবিজে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সোসাইটি ফর বায়োটেকনোলজি, জাপান (এসবিজে) হলো জাপানের একটি অত্যন্ত প্রাচীন ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংগঠন। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি (বায়োটেকনোলজি) এবং জীবনবিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণার সামগ্রিক উন্নয়ন সাধন করা। কুবির এই শিক্ষকের আন্তর্জাতিক অর্জনে বিশ্ববিদ্যালয় পরিবারসহ দেশের শিক্ষা মহলে আনন্দের জোয়ার বইছে।
এআইএল/সকালবেলা