মোহাম্মদ আলী, চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের আব্দুল্লাহ ঘাটা এলাকায় দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা চালায় স্থানীয় কিছু বাসিন্দা।
গতকাল সোমবার (১ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এর তাৎক্ষণিক ও কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের কয়েকজন যুবকের মধ্যে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হলে দুই যুবক আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় অস্থায়ীভাবে বসবাসরত নারী-পুরুষসহ স্থানীয় লোকজন মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন এবং সড়ক অবরোধের চেষ্টা চালায়।
খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেন।
বিক্ষুব্ধদের উদ্দেশ্যে তিনি বলেন, “পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের জেরে জাতীয় মহাসড়ক অবরোধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিজেদের সমস্যা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করতে হবে। মহাসড়ক অবরোধের মতো অসাংবিধানিক ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের সংস্কৃতি বন্ধ করতে হবে, অন্যথায় ভবিষ্যতে এর ভয়াবহতা আরও বৃদ্ধি পাবে।” পুলিশ সুপারের এমন দৃঢ় অবস্থানের ফলে মহাসড়কে কোনো ধরনের দীর্ঘস্থায়ী যানজট তৈরি হতে পারেনি।
এআইএল/সকালবেলা